ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, ঢাকার গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে। যাচাইয়ে দেখা গেছে, দাবিটি ভুয়া। ভিডিওটি আসলে যুবদলের মিছিলের।
১৮ নভেম্বর 'মো. সিমুন' নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ২৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, গুলিস্তানে ছাত্রলীগের মিছিল হচ্ছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৪৫ লাখের বেশি বার দেখা হয়েছে, প্রায় আড়াই লাখ রিঅ্যাকশন ও সাড়ে চার হাজারের বেশি শেয়ার হয়েছে।
আসলে ভিডিওটি ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে যুবদলের মিছিলের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
ফ্যাক্টচেক সংস্থা ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে একই মিছিলের আরেকটি ভিডিও খুঁজে পায়, যা ১৮ নভেম্বর ভোর ৫টা ১৩ মিনিটে 'বিডি লাইভ ডটকম২৪' পেজ থেকে পোস্ট করা হয়েছিল। গুগল স্ট্রিট ভিউয়ের সঙ্গে মিলিয়ে দেখা গেছে, ভিডিওর পেছনের ভবনগুলো নয়াপল্টন এলাকার। কালবেলার প্রতিবেদনেও একই তথ্য রয়েছে।
সূত্র: ডিসমিসল্যাব, ১৯ নভেম্বর ২০২৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন