![]() |
| প্রতীকী ছবি |
দেশের সব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে। এই সিদ্ধান্ত বহাল রেখে সংশ্লিষ্ট রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি বাতিলের কথা জানায়। পরে সংশোধিত সিদ্ধান্তে শুধু প্রথম শ্রেণিতে লটারি রাখা হয়।
শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তির নীতিমালা জারি করে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে গত ৭ অক্টোবর রিটটি করা হয়েছিল। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে রিটটি করেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদ তালুকদার।
শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেন, লটারি ও পরীক্ষা—দুটো পদ্ধতিরই সুবিধা-অসুবিধা রয়েছে। ভর্তির বিষয়টি সরকারের নীতিমালার বিষয় উল্লেখ করে আদালত বলেন, নীতিমালা প্রণয়নে তাঁরা হস্তক্ষেপ করবেন না।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, রায়ের লিখিত আদেশ পাওয়ার পর তা পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো, ১৫ নভেম্বর ২০২৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন